জন্মদিনে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৬
অ- অ+

জন্ম হয়েছিল একই দিনে, বয়সও হয়েছিল দুই বছর। একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা—সবকিছুতেই ছিল তাদের সখ্য। কিন্তু মর্মান্তিকভাবে একই দিনেই থেমে গেল দুই শিশুর জীবন। বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে চাচাতো ভাই-বোন আব্দুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আর মিফতাহুল জান্নাত আশরাফুলের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। খেলার একপর্যায়ে তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাদের পাওয়া যায়।

পরে স্বজনেরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, শিশু দুটির জন্ম একই দিনে। একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত স্থানীয় বাসিন্দারাও।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুর
মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা লেখেন, পুলিশ অকার্যকর: আইজিপি
দেশে বর্তমানে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম