বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৬
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। জ্বালানি তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সোমবার (২৬ অক্টোবর) স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

গত সপ্তাহে স্বর্ণের দাম ৪ শতাংশ কমেছিল, যা গত জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক কাইল রোডারের মতে, জ্বালানি তেলের দাম কমায় স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্ত আসায় স্বর্ণের দাম বৃদ্ধির গতি সীমিত হতে পারে। সুদের হারের প্রত্যাশা ও ভূরাজনৈতিক পরিস্থিতি স্বর্ণের পরবর্তী দর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত সপ্তাহে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছানোর পর সোমবার জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা এতে ভূমিকা রেখেছে। তবে ইয়েমেনের হুথিদের সৌদি আরবে হামলা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। বৈঠকের পরদিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এ সূচককে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ফেড।

বাজারে সুদের হার অপরিবর্তিত থাকার প্রত্যাশা থাকলেও ডিসেম্বরে তা বাড়ানো হতে পারে—এমন সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে ফেডের সিদ্ধান্ত স্বর্ণের দামে প্রভাব ফেলতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৪ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৪৮ দশমিক ৩০ ডলারে নেমেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৬ ডলার ২৫ সেন্ট হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যমুনায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে: নাহিদ ইসলাম
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন