সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গারা পাচ্ছে বিশেষ পাসপোর্ট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩| আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৮
অ- অ+

সৌদি আরবে দীর্ঘদিন ধরে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বিশেষ পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে প্রায় ২৪ হাজার ৩০০ জনের কাছে এসব পাসপোর্ট পৌঁছেছে। বাকি পাসপোর্ট বিতরণের প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশেষ এই পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব পাসপোর্ট বাংলাদেশের সাধারণ নাগরিকদের পাসপোর্টের মতো নয়। বিশেষ পরিচয় নিশ্চিত করার জন্যই এ নথি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে পারবেন না কিংবা বাংলাদেশে প্রবেশের স্বয়ংক্রিয় অধিকার পাবেন না। একইভাবে এ নথির ভিত্তিতে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ারও সুযোগ নেই।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অতীতে বিভিন্নভাবে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করে অনেক রোহিঙ্গা সৌদি আরবে যান। পরবর্তী সময়ে এসব পাসপোর্টের মেয়াদ শেষ হলে সেগুলো নবায়নের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে বারবার তাগিদ দেয়। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের শ্রমবাজারের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের এপ্রিলে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। এরপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিশেষ পাসপোর্ট দেওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষ এই পাসপোর্টে পৃথক সিরিয়াল নম্বর ব্যবহারের পাশাপাশি আঙুলের ছাপ ও চোখের আইরিশের মতো বায়োমেট্রিক তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই এবং বাংলাদেশের নাগরিকদের জন্য নির্ধারিত পরিচয়পত্র ও অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অপব্যবহার ঠেকানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে বকেয়া বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম