টঙ্গীতে বকেয়া বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাকি স্টার গার্মেন্টসের শ্রমিকেরা। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন তারা। পরে সড়ক অবরোধ করায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বকেয়া বেতন পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে তারা কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান।
শ্রমিকেরা জানান, গত ১৩ অক্টোবর তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করে কয়েক দফায় নতুন তারিখ দেওয়া হয়। শেষ পর্যন্ত বেতন না পেয়েই কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তারা।
শ্রমিকদের ভাষ্য, বেতন তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। এই টাকা দিয়ে ঘরভাড়া, মুদি দোকানের বকেয়া, সন্তানদের পড়াশোনা ও সংসারের অন্যান্য খরচ মেটাতে হয়। বেতন আটকে থাকায় এসব ব্যয় মেটানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের পাওনা পরিশোধ ও শ্রম আইন মেনে চলার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













