প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রথমবার বিমানে, উচ্ছ্বসিত আমজনতার তারেক

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে যাওয়ার মধ্য দিয়ে জীবনে প্রথমবার বিমানে চড়েছেন বলে জানিয়েছেন তিনি।
রবিবার দিবাগত রাতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অনুভূতি প্রকাশ করেন আমজনতার দলের এই নেতা।
উচ্ছ্বসিত তারেক রহমান বলেন, এটা আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ। এর আগে কখনো বিমানে উঠিনি। সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে এমন সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি।
এর আগে রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দনরত অবস্থায় একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেন আমজনতা দলের সদস্যসচিব। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীর জাপান সফরে সফরসঙ্গী হওয়ার বিষয়টি জানান।
চার দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রতিনিধিদলে আরও রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি তার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












