কৃষক কিনতেও ঠকে, বেচতেও ঠকে: সাইফুল হক

কৃষক উৎপাদনের উপকরণ কিনতে গিয়ে যেমন ঠকছেন, তেমনি উৎপাদিত পণ্য বিক্রি করেও ন্যায্য দাম পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত উৎপাদক কৃষকেরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষি উৎপাদন কৃষকের কাছে লাভজনক থাকছে না।
রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, অনেক সময় কৃষকের উৎপাদন খরচও উঠে আসে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে কৃষিপণ্যের লাভজনক ও ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি বাজার সংস্কারের উদ্যোগ নিতে হবে।
সারের সংকটের জন্য অব্যবস্থাপনাকে দায়ী
সাইফুল হক বলেন, দেশে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে কোথাও কোথাও সারের সংকট তৈরি হয়েছে। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ এবং দ্রুত সার বিতরণে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করতে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আনছার আলী দুলালের সভাপতিত্বে সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা সাইফুর রেজা মামুন, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু, শাহজাহান সিকদার, মাসুদুর রহমান প্রধান মাসুদ, সাবিনা ইয়াসমিন ও মতিনউদ্দিনসহ অন্যরা।
সভায় সংগঠনের জাতীয় সম্মেলন আয়োজনের জন্য ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আনছার আলী দুলালকে আহ্বায়ক, সাইফুর রেজা মামুন ও মাহবুবুল করিম টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান প্রধান মাসুদকে সদস্যসচিব করা হয়েছে।
সভায় কৃষি ও কৃষকের সংকট নিয়ে আলোচনা শেষে কৃষক আন্দোলনের কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়। সভার শুরুতে ময়মনসিংহের প্রয়াত নেতা কমরেড মোহাম্মদ শাহজাহানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













