আফতাবনগরে

পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:২৩
অ- অ+

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি, চাপাতি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে আফতাবনগর আইডিয়ালের সামনে এ ঘটনা ঘটে। হামলার পেছনে ৩০ লাখ টাকা লেনদেন নিয়ে বিরোধের কথা জানিয়েছেন ভুক্তভোগী।

শনিবার সন্ধ্যায় আফতাবনগরে এক সংবাদ সম্মেলনে লোকমান হোসেন এসব অভিযোগ করেন।

লোকমান জানান, গত শুক্রবার বিকালে বাসায় ফেরার পথে আফতাবনগর আইডিয়ালের সামনে রিকশা থেকে তাকে নামিয়ে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি হামলা করেন। তাদের হাতে হাতুড়ি, চাপাতি ও হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলায় গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় কয়েকজন তাকে চিকিৎসার জন্য শ্যামলীর পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

লোকমান আরও অভিযোগ করেন, হাসপাতালে যাওয়ার পথে প্রিন্স নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাকে ফোন করেন। এ ঘটনা নিয়ে মুখ খুললে আবারও হামলা করে মেরে ফেলার হুমকি দেন তিনি।

পাওনা টাকা নিয়ে বিরোধ

লোকমান হোসেনের অভিযোগ, একটি ভবন নির্মাণের জন্য রাজউকের ছাড়পত্র অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে মিন্টু নামের এক ব্যক্তি তার কাছ থেকে চুক্তি অনুযায়ী ৩০ লাখ টাকা নেন। ১৫ কার্যদিবসের মধ্যে ছাড়পত্রের ব্যবস্থা করার কথা থাকলেও প্রায় দেড় বছরেও তা হয়নি। পরে লোকমান ও তার অংশীদারেরা ওই টাকা ফেরত চান।

লোকমানের দাবি, এ নিয়ে বিরোধের জেরে মিন্টুর শ্যালক সোহাগ তাকে হুমকি দেন এবং তার কাছে আরও ২০ লাখ টাকা দাবি করেন। এর পরদিনই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এ ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ও বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন। তারা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃষক কিনতেও ঠকে, বেচতেও ঠকে: সাইফুল হক
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন যারা
কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০৭ হুথি যোদ্ধা নিহত, দাবি সেনাবাহিনীর