প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:০৪
অ- অ+

বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা (প্রবাস)।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনটির সদস্যরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার, নির্যাতনের অভিযোগ তদন্ত এবং বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা মনন বলেন, প্রবাসে যেসব বাংলাদেশি শ্রমিক বিচারাধীন রয়েছেন, তাঁরা যেন ন্যায়বিচার পান, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

সংগঠনটির সদস্যসচিব ও অ্যাক্টিভিস্ট আনন্দ কুটুম বলেন, সৌদি আরবে নির্যাতন সহ্য করতে না পেরে গত নয় মাসে ৯৮০ জন নারী কর্মী দেশে ফিরেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরেছেন। এসব নারীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং তাঁদের সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ফোরামে আলোচনারও আহ্বান জানান তিনি।

চিকিৎসক ও সংগঠনটির সমন্বয়ক তৃণা ইসলাম বলেন, বিদেশে বাংলাদেশিদের অধিকার রক্ষায় দূতাবাসগুলো যথাযথ ভূমিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

সাংবাদিক ও সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক হাসনাত কাদীর বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। রাষ্ট্রকে দেশের ভেতরে ও বাইরে থাকা সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাঁকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ‘প্রবাস’ জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও স্মারকলিপি দেওয়া হবে।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির সহ-আয়োজক ছিল দক্ষিণ এশিয়াভিত্তিক গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক নেটওয়ার্ক সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)। গবেষণা সহযোগী ছিল চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে কুপিয়ে জখম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন: আইজিপি
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট