প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতা দলের তারেক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
রবিবার রাতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে জাপান সফরের বিষয়টি জানান আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় তার একটি হাস্যোজ্জ্বল ছবিও যুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা তাকে স্বাগত জানাবেন। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













