ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদপুরে গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো. আহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে তাকে মোহাম্মদপুর থানার ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। তার বাবার নাম মো. আইয়ুব আলী। তার স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার উত্তর নওয়াবাদ পুলিশ লাইন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর সড়কের ২৮ নম্বর বাসায় থাকতেন।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, আহাদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













