লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৫২| আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৩
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হওয়ার পর বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৯০৫/১১-এস-এর কাছাকাছি এলাকায় বাঘের আক্রমণে শরীফা বেগম, নজরুল ইসলাম ও আফছার আলী আহত হন।

স্থানীয় বাসিন্দা শরীফা বেগম হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে বাঘটির আক্রমণের শিকার হন। তাঁর চিৎকার শুনে উদ্ধারে এগিয়ে গেলে নজরুল ইসলাম ও আফছার আলীও বাঘটির আক্রমণে আহত হন।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তায় ফাঁকা গুলি ছোড়ে। এতে বাঘটি ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাতে থার্মাল ক্যামেরা ও ড্রোনের সাহায্যে সীমান্তবর্তী জঙ্গলে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়।

বিজিবি জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানালে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধারের কার্যক্রম শুরু করেন।

বিজিবি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপদে উদ্ধার এবং লোকালয়ে প্রবেশের ঝুঁকি মোকাবিলায় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ড্রোন ও কে-৯ ইউনিট নিয়ে মাঠে বিজিবি
ডেমরা সেতুতে ৪২ ঘণ্টা মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের