বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নেওয়ার সময় ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় জালাল উদ্দিনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। আটক জালাল উদ্দিন পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। মুঠোফোন ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।
(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










