ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য উদ্বেগজনক: গাজী আতাউর রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৯:৩০
অ- অ+

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, এ বক্তব্য পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ভূমিকার কথা মনে করিয়ে দেয়।

সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, সোমবার এক অনুষ্ঠানে আইজিপি বলেছেন, ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’ এমন বক্তব্য উদ্বেগজনক। তিনি বিশ্বাস করতে চান, আইজিপি হালকা মেজাজে এ মন্তব্য করেছেন। তবে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য করা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ক্রসফায়ার নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য হলো, অপরাধী চক্রের গুলির জবাবে পুলিশের পাল্টা গুলি এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে কথিত অপরাধীর মৃত্যু। বাস্তবতা ভিন্ন হলেও পুলিশ সাধারণত এভাবেই ঘটনার ব্যাখ্যা দিয়ে এসেছে।

তিনি বলেন, আইজিপির সাম্প্রতিক বক্তব্যে পুলিশ নির্দিষ্ট করে গুলি করে হত্যা করাকে ক্রসফায়ার হিসেবে দেখছে বলে মনে হওয়ার অবকাশ রয়েছে। আইন ও আদালতের বাইরে গিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কা তৈরি হওয়াও উদ্বেগজনক।

গাজী আতাউর রহমান আরও বলেন, সরকার চাইলেও জনগণের অর্থে পরিচালিত পুলিশ বাহিনী এ ধরনের মানবতাবিরোধী কাজে জড়াতে পারে না। আইন ও স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকারের নির্দেশ মানার প্রবণতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশকে দুর্বিষহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। গণ-অভ্যুত্থানের পরও পুলিশের একই ধরনের মনোভাব গ্রহণযোগ্য নয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞার সময় হোটেলে ইলিশ বিক্রি, মালিকের অর্থদণ্ড
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে দুইজন নিখোঁজ
কর্ণফুলিতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ, শিকল ধরে বাঁচলেন একজন
আইজিপির বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি ক্র্যাবের