শ্রীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ অক্টোবর) রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) এবং তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে শ্রীপুরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাওনা চৌরাস্তা এলাকায় রনি পাঠান ও নয়ন মিয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পরিদর্শক মো. হাসমত উল্লাহ বলেন, দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










