মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃপেশ রায় (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ পুরো জেলা জুড়ে তীব্র উত্তেজনা ও সমালোচনার ঝড় বইছে।
সোমবার দুপুরে কৃপেশ রায় নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অভিযুক্ত কৃপেশ রায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে ও সাবেক পুলিশ সদস্য বলে জানিয়েছেন কৃপেশ রায়ের আপন চাচা কিরণ রায়।
স্থানীয় ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫ অক্টোবর) অভিযুক্ত কৃপেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি (‘Kripash Ray’) থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়।এই পোস্টের মাধ্যমে এলাকায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করছেন স্থানীয় সাধারণ মুসল্লি ও এলাকাবাসী। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, অভিযুক্ত কৃপেশ রায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার দাবি,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের তার আপন চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ফেসবুক আইডি ব্যবহার করে বা ভুয়া পোস্ট দিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।
এই বিষয়ে আইনি সুরক্ষার জন্য আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে কৃপেশ রায় নিজে বাদি হয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে স্থানীয় এলাকাবাসীর দবি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত পূর্বক অভিযোগটা ব্যক্তিকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, আমরা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামবাসীর সাথে বসে কথা বলছি। যেনো কেউই এই বিষয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এলাকাবাসী এই বিষয়ে একমত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযুক্ত কৃপেশ রায় দাবি করেছেন যে একটি চক্র তাকে ফাঁসানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে তিনি সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওসি আরও জানান, কৃপেশ রায় নামের ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আমরা যাচাই বাছাই করবো যে তার আইডি হ্যাক হয়েছিলো কি না।
সুনামগঞ্জ পুলিশ মিডিয়া দায়িত্বে থাকা এডিশনাল এসপি রাকিবুল ইসলাম রাসেল এ নিয়ে যাতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










