যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ২০ বছর বয়সী যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গুলিবিদ্ধ হয়ে মারুফ হোসেন দুখু (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনপথ মোড় এলাকার একটি খেলার মাঠের কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর বস্তির বাসিন্দা। তিনি একটি হাঁড়ি-পাতিল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বাবার নাম রশিদ খান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার পথে জনপথ মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মারুফের গলার ডান পাশে, হৃদ্যন্ত্রের ওপর গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন।
এদিকে মারুফের গুলিবিদ্ধের খবর পেয়ে তার বোন বিথি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













