সমালোচনা করায় সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এতে মানুষের কথা বলার অধিকারের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ।
তিনি বলেন, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, সরকারের সমালোচনা করার কারণে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে সব পেশাজীবীর বেতনের ক্ষেত্রে সমন্বয় রাখতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













