মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ২০:২২
অ- অ+

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার বিকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন তিনি।

সভায় মো. সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়াতে হবে। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।

ডাকাতির ঘটনায় দ্রুত মামলা রেকর্ড ও তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন অতিরিক্ত আইজি। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে এসব মামলায় সাজা নিশ্চিতের হার বাড়াতে হবে। পাশাপাশি অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

মো. সায়েদুর রহমান আরও বলেন, সমাজের ইতিবাচক ভাবমূর্তির ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষে ধন্যবাদ জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মামলার তদন্ত ও বিচার, মামলার নিষ্পত্তি এবং সাজার হার নিয়েও আলোচনা করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারেরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার