সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির চেষ্টার অভিযোগে নারী আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চার বছর বয়সী এক শিশুকে চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আটক নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলায় লিফটের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের তৃতীয় তলায় নিয়মিত টহলের সময় দায়িত্বরত আনসার সদস্যরা এক নারীকে শিশুটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে দেখেন। সন্দেহ হলে তাঁরা ওই নারীকে থামিয়ে শিশুটির সঙ্গে তাঁর সম্পর্ক জানতে চান। এ সময় নারী নিজেকে শিশুটির নানি বলে দাবি করেন। তবে তিনি কোন ওয়ার্ডে এবং কী কারণে এসেছেন, সে বিষয়ে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে শিশুসহ তাঁকে আটক করা হয়।
আটক নারীর নাম মোছা. হাজেরা (৫২)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর এলাকায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটির অভিভাবককে খুঁজতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নেওয়া হয়। একপর্যায়ে ৩১৬ নম্বর ওয়ার্ডে শিশুটির বাবা রবিউল ইসলামকে পাওয়া যায়। তিনি আনসার সদস্যদের জানান, আটক নারীকে তিনি চেনেন না। শিশুটিকে রেখে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, এক নারী শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে আটক নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সময় দায়িত্বে ছিলেন প্লাটুন কমান্ডার (পিসি) মো. সাদেক হোসেন বাচ্চু, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আব্দুর রাজ্জাক রহমান এবং আনসার সদস্য মো. মিনারুল ইসলাম।
আনসার সদস্যদের সতর্কতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে। শিশুটির বাবাও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













