ইরানিনে চলচ্চিত্র নির্মাতার পাঁচ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:২৫
অ- অ+

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম ডি'অর জয়ী ও অস্কার মনোনীত প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত। তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করে এই রায় ঘোষণা করা হয়েছে।

পরিচালকের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ এই কারাদণ্ডের পাশাপাশি তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর আগামী দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দুই বছরের জন্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তেহরানের রেভল্যুশনারি কোর্টের শাখা ২৬ থেকে এই রায়টি দেওয়া হয়। ইরানি সংস্কারপন্থী অনলাইন সংবাদমাধ্যম ‘এমতেদাদ নিউজ এজেন্সি’ প্রথম এই খবর প্রকাশ করে। তবে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া কিংবা রায় ঘোষণার আগে পানাহিকে শুনানি সম্পর্কে কোনো প্রকার পূর্ব নোটিশ বা অবহিতকরণ করা হয়নি।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, আদালতের নথিগুলোতে দাবি করা হয়েছে যে পানাহি বিদেশে অবস্থান করছেন এবং তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অথচ এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ গত ৩০শে মার্চই পানাহি ইরানে ফিরে আসেন। এমনকি একটি পৃথক মামলার প্রসঙ্গে গত আগস্ট মাসেই তিনি দেশটির এক তদন্ত আদালতে সশরীরে হাজিরও হয়েছিলেন। আইনজীবী আরও জানান, বর্তমানে ইরানে অবস্থানরত পানাহি একই সাথে তিনটি চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পানাহিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই সময়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে নিজের বিখ্যাত চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর জন্য চলচ্চিত্র বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার পাম ডি'অর জয় করেন পানাহি।

২০১৫ সালের শেষের দিকেও ইরানের রেভল্যুশনারি কোর্ট তাঁর অনুপস্থিতিতেই তাকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ছবিটি 'সেরা আন্তর্জাতিক ফিচারের' জন্য মনোনীত হওয়ার পর মার্চ মাসের শেষভাগে তিনি দেশে ফেরেন।

উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি নির্মাণের ঠিক পূর্বেও পানাহিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আমরণ অনশন পালন করার পর তিনি মুক্তি পান। ২০১০ সালের সরকারবিরোধী কর্মকাণ্ড এবং সহকর্মী ও বন্ধু চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অভিযোগে ২০২২ এবং ২০২৩ সালে তিনি ইরানের কুখ্যাত ইভিন কারাগারে ৮৬ দিন বন্দী ছিলেন।

২০০৩ সাল থেকেই জাফর পানাহি ইরানের কঠোর শাসকগোষ্ঠীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন। রাষ্ট্রবিরোধী অবস্থান এবং সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তাকে এর আগেও দুবার কারাবরণ করতে হয়েছে। চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। এসব নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও তিনি গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন। তাঁর তৈরি 'দিস ইজ নট আ ফিল্ম', 'নো বিয়ার্স' এবং 'ট্যাক্সি তেহরান' বিশ্বজুড়ে বিপুল প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে 'ট্যাক্সি তেহরান' ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার অর্জন করে। সূত্র: ইউরো নিউজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
এবার তুরস্কে সালাহর নামে হচ্ছে সড়ক
আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি