শাকিলের জানাজায় এমপি আব্দুল আজিজকে ঘিরে উত্তেজনা, শপিংমলে ভাঙচুর-লুটপাট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৬
অ- অ+

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় সংসদ সদস্য আব্দুল আজিজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন উপস্থিত লোকজনের একাংশ। জানাজায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে চাঁচকৈড় বাজারে একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি। শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টু তার ছেলে।

জানাজায় বক্তব্য দিতে গিয়ে আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ এ কথা বলার পরপরই উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির কারণে তিনি বক্তব্য শেষ করেন।

এ সময় মাইকে সংসদ সদস্য ঘোষণা দেন, তার ছেলেও যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে তিনি ছেলের পাশে নয়, শাকিলের পাশেই থাকবেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। তাই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবেই।

নিহতের পরিবারকে নিজের পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। এ ঘোষণার পর আবারও উত্তেজনা দেখা দেয়।

শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

জানাজা শেষে রাত ১১টার দিকে মুসল্লিদের একটি অংশ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। স্থানীয়দের অভিযোগ, সেখানে আমেরিকাপ্রবাসী রাসেলের মালিকানাধীন ‘রাশ আরবান স্টাইল’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দোকান থেকে মালামাল নিয়ে যেতে দেখেছেন বলে জানান।

তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শাকিলের বাবা রবিউল করিম ওরফে রবিউল মিস্ত্রি অভিযোগ করেন, তার ছেলেকে কুপিয়ে আহত করার পর মামলার এজাহারে আমেরিকাপ্রবাসী রাসেলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে সংসদ সদস্য আব্দুল আজিজের নির্দেশে সেই নাম বাদ দেওয়া হয় বলে দাবি করেন তিনি। মিন্টুকে গ্রেপ্তার করা হলেও এ ঘটনায় অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন শাকিলের বাবা।

তিনি বলেন, ছেলের হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের শাস্তি চান তিনি। ব্যক্তিগত কোনো প্রতিশোধ নয়, ছেলের হত্যার বিচারই তার একমাত্র দাবি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় কেউ মামলা করেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে হত্যা করা হয় শাকিলকে

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, শাকিলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পানির অপচয় রোধ ও স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের প্রতি মীর শাহে আলমের আহ্বান
এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ
সাদমানের ফিফটি, প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ