ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯
অ- অ+

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যের এ চুক্তির আওতায় রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করা হবে।

জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এ চুক্তিকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-১) আওতায় সিপি০৯ ও সিপি১০ নামের দুটি প্যাকেজের কাজ পেয়েছে।

সিপি০৯ প্যাকেজের আওতায় রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক অবকাঠামোর নকশা, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করা হবে। এ কাজে এলঅ্যান্ডটির সঙ্গে অংশীদার হিসেবে থাকবে জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন।

অন্যদিকে সিপি১০ প্যাকেজের আওতায় পুরো নেটওয়ার্কে সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপন করবে এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই দুটি প্যাকেজ মেট্রোরেল লাইন-১-এর মূল পরিচালনব্যবস্থা গড়ে তুলবে।

এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে আবারও কাজের চুক্তি পাওয়া বিশ্বজুড়ে বৃহৎ ও সমন্বিত নগর পরিবহন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সক্ষমতার প্রমাণ।

তিনি বলেন, ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা নির্ধারিত সময়ে ও মান বজায় রেখে বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে তাদের। পাশাপাশি জাকার্তা মেট্রোরেল প্রকল্পেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের বিভিন্ন ব্যবস্থা সমন্বিতভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আশাবাদী এলঅ্যান্ডটি।

এর আগে ঢাকার প্রথম মেট্রোরেল করিডর লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা স্থাপনের কাজ পেয়েছিল এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটি ওই কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-১-এর দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার। প্রকল্পটিতে দুটি রুট রয়েছে। একটি কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত, অন্যটি নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত। এ প্রকল্পে ১৯টি স্টেশন ও পিতলগঞ্জে একটি ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এদিকে ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ আনুমানিক ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদনের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর টোকিওতে যৌথ বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে অংশীদার হওয়ারও আহ্বান জানান তিনি।

এলঅ্যান্ডটি জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিবহন অবকাঠামো বিভাগ প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) খাতে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রেল অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এসব প্রকল্পে নিরাপত্তা, গুণগত মান ও নির্ধারিত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাকিলের জানাজায় এমপি আব্দুল আজিজকে ঘিরে উত্তেজনা, শপিংমলে ভাঙচুর-লুটপাট
কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে: আবু হানিফ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮