এআই খাতে বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:২৪
অ- অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানো এবং পরিচালন ব্যয় কমাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা এ প্রস্তাবের আওতায় আসতে পারেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এ উদ্যোগের লক্ষ্য ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি এআই প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখা। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই সক্ষমতা বাড়াতে ডেটা সেন্টার, উন্নত চিপ ও কম্পিউটিং অবকাঠামোতে বিপুল অর্থ ব্যয় করছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মাইক্রোসফটের এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব পেতে পারেন। তবে বিপণন, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ কর্মসূচির বাইরে থাকবেন।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় বলেন, যারা প্রতিষ্ঠানটির বাইরে নতুন সুযোগ খুঁজছেন, তাদের কর্মজীবনের পরবর্তী ধাপে যেতে এ প্রস্তাব সহায়তা করবে। একই সঙ্গে ব্যবসায়িক চাহিদার সঙ্গে কর্মীসংখ্যার সমন্বয় করার সুযোগ পাবে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ।

মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। সে হিসাবে ৬০ হাজার কর্মীকে প্রস্তাব দেওয়া হলে তা প্রতিষ্ঠানটির কর্মীবাহিনীর উল্লেখযোগ্য অংশকে প্রভাবিত করতে পারে।

এদিকে এআই খাতে ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা অর্জন নিয়ে প্রশ্ন উঠছে। মাইক্রোসফট চলতি বছরের জন্য মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। বিপুল এই বিনিয়োগ থেকে প্রত্যাশিত আর্থিক সুফল পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

চলতি বছর কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের আরও উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। জুলাইয়ে বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে এক্সবক্স গেমিং ব্যবসা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে বুধবার বাজার লেনদেন শেষ হওয়ার পর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা রয়েছে মাইক্রোসফটের। এর আগে ব্যয় নিয়ন্ত্রণে নতুন উদ্যোগটি প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রতিরক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম
কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোরেলগঞ্জে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার