মোরেলগঞ্জে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খাল থেকে মফিজুল ইসলাম হাওলাদার (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে মফিজুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের থোড়ার বাজারসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজুল ইসলাম উপজেলার কমলা গ্রামের দিনমজুর হবিবুর রহমান হাওলাদারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মফিজুল আর ফিরে আসেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন থোড়ার বাজারসংলগ্ন একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কিশোরটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













