ফরিদপুরে বাসে তল্লাশিতে ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে পৃথক অভিযান চালিয়ে ১১৩ বোতল মাদকদ্রব্যের সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৯ হাজার টাকা।
বুধবার এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে নগরকান্দার চরযশোরদী বড়শ্রীবড়দী এলাকার রেলগেট-সংলগ্ন ভাঙ্গা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৩ বোতল স্কাফ সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৯ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি এলাকার এসএম টুটুল (৪০) ও মুন্সিগঞ্জের লৌহজং এলাকার মো. শাহিন আকন (৩৮)।
একই দিন বিকাল সাড়ে চারটার দিকে মধুখালীর ভেল্লাকান্দি এলাকায় গড়াই সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় ৫০ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. জহিরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
জহিরুল ইসলামের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













