সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে বিক্ষোভ-মানববন্ধন

বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরার গাবুরায় বিক্ষোভ মানববন্ধন করেছে বনজীবীরা। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় নয় নম্বর সোরা এলাকায় বেড়িবাঁধের উপর এই মানববন্ধনে অংশ নেন সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলের হাজারো বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষকদের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, শিক্ষক আব্দুর রহিম, ইউপি সদস্য আবিয়ার রহমান, ফরিদা খাতুন, বনজীবী বাবু, আলামিন, শহিদুল শেখ, কামরুলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সুন্দরবনে দিন দিন বনদস্যু বাড়ছে। একদল আত্নসমর্পন করছে অন্যদল দস্যুতায় নামছে। ২০ জন আত্মসমর্পণ করলে ৫০ জন দস্যুতা শুরু করছে সুন্দরবনে। জেলেদের চাঁদা না দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। চাঁদা না দিলে জিম্মি করে বেধড়ক মারপিট করছে। দস্যুদের অত্যাচারে উপকূলের বনজীবীরা এখন অতিষ্ট হয়ে উঠেছে। আমরা এই আত্মসমর্পণ নাটক দেখতে চাই না। কঠোর হাতে এসব বনদস্যুদের দমন করতে হবে।
বক্তারা আরও বলেন, সরকার দ্বিতীয় বার আত্মসমর্পণের সুযোগ দেওয়ায় দস্যুরা আরও উৎসাহিত হচ্ছে। দস্যুরা ভাবছে, অপরাধ করে আত্মসমর্পণ করলে শাস্তি হয় না। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে। সুন্দরবনে দস্যুতা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে ঘোষনা করে বিক্ষোভকারীরা।
(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










