স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাব দেয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেয়ার কথা ছিল সরকারের। কিন্তু তা হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনী সংস্কারের কিছু উদ্যোগ নেয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকারও পুলিশকে পুরনো কায়দায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়েছে। তবে দলটির দোসররা এখনো রয়ে গেছে বলে দাবি করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













