স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৫০

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেলপথে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্রের তথ্য অনুযায়ী, রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির সংখ্যা এবং সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। খবর রয়টার্সের।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা গেছে। রেলপথের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ।
নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রেডিও স্টেশন কাদেনা সেরকে বলেন, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় পরিষদকে প্রস্তুত থাকতে বলেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













