ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেলেন ৮ বিশিষ্টজন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ০৯:০১
অ- অ+

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪ ও ২০২৫ পেয়েছেন কবি, কথাসাহিত্যিক, গবেষকসহ সাহিত্যজগতের আট বিশিষ্টজন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দুই বছরের পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

২০২৪ সালের আজীবন সম্মাননা পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আর ২০২৫ সালের আজীবন সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

২০২৪ সালের তরুণ সাহিত্য বিভাগে বৈতরণী প্রকাশনীর ‘জলমাকড়ের নৌকাবাইচ’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন নিজাম বিশ্বাস। প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে অন্যপ্রকাশের ‘বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ প্রবন্ধ সংকলনের জন্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। কবিতা ও সাহিত্য বিভাগে প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত ‘সময় বহিয়া গেল’ উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন আনোয়ারা সৈয়দ হক।

২০২৫ সালের তরুণ সাহিত্য বিভাগে অন্যপ্রকাশের ‘সায়ানাইড ফুল’ উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ। তাঁর পক্ষে তাঁর স্ত্রী পুরস্কার গ্রহণ করেন।

প্রবন্ধ, আত্মজীবনী ও অনুবাদ বিভাগে ‘পালকের চিহ্নগুলো (আত্মজৈবনিক স্মৃতিকথা)’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন নাসরীন জাহান। আর কবিতা ও কথাসাহিত্য বিভাগে ‘মানচিত্র’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন শাহীন আখতার। নাসরীন জাহানের বইটি প্রকাশ করেছে বেঙ্গল বুকস এবং শাহীন আখতারের বইটি প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে।

শারীরিক অসুস্থতা নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হন কথাসাহিত্যিক নাসরীন জাহান। পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নিজের অসুস্থতা, মৃত্যু-ভাবনা ও বেঁচে থাকার প্রত্যয়ের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কবি-সাহিত্যিকদের ব্যক্তিজীবন ও কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি এবং পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া নিয়ে তৈরি ভিডিও ক্লিপ বড় পর্দায় প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী পুরস্কারপ্রাপ্ত লেখক, আমন্ত্রিত অতিথি এবং ১৫ বছর ধরে এ আয়োজনের সঙ্গে যুক্ত ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত বইগুলোর প্রকাশকদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির পূর্বাভাস নেই
সৌদি আরবে হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, বাতিল অধিকাংশ ফ্লাইট
সৌদি রুটে বিমানের দুই ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে যেতে নিষেধ
হুথিদের হামলায় সৌদি বিমানবন্দরে দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯