বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩
অ- অ+

বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার স্বামী প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারকিনসন্স রোগে আক্রান্ত পূরবী বসু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি। এ ছাড়া অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গুণী ব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির উচ্চপদে যোগ দিয়ে দেশে ফিরে আসেন। পরবর্তীতে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও অনন্য অবদান রেখেছেন পূরবী বসু। তার লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম নিপুণভাবে উঠে এসেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে—‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ এবং ২০১৩ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান