সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশ

সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে অভিযানের নামে বৈধ ইটভাটা মালিকদের কোনো ধরনের হয়রানি না করার বিষয়েও সতর্ক করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ইটভাটা মালিক সমিতি আদেশ সংশোধনের আবেদন করলে আদালত তা পর্যালোচনা করেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে মালিকপক্ষ আপিল বিভাগে গেলেও তা খারিজ হয়ে যায়।
মনজিল মোরসেদ আরও জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা মালিকরা পুনরায় কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছেন—এমন সংবাদের ভিত্তিতে এইচআরপিবির পক্ষ থেকে আদালতের পূর্ববর্তী নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন চেয়ে একটি আবেদন করা হয়। বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং সব অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












