শিরোনাম :

বিনা খরচে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৪:৩৪
অ- অ+

সব প্রক্রিয়া চূড়ান্ত করে আগামী ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার। এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার (চাহিদাপত্র) পাওয়া গেছে। প্রথম ধাপে মালয়েশিয়ান কোম্পানি ‘ডিএইচএল’-এর মাধ্যমে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়ে এই প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে (শূন্য খরচে) মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কর্মী পাঠানোর সময়সীমা প্রসঙ্গে রাশেদুল হক বলেন, “আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। কারিগরি কোনো কারণে একদিন বা দুইদিন এদিক-সেদিক হতে পারে, তবে আমরা চাইছি ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হোক।”

ডিএইচএলের মাধ্যমে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে এই ১১২ জনকে চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন।

মালয়েশিয়াকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে উল্লেখ করে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিতে বোয়েসেল কাজ করছে। বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেপ্তার
বাকস্বাধীনতার নামে ভাষাগত নৈরাজ্য
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার