শিরোনাম :

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো ভারত, ই-ভিসা মিলবে ১৭২ দেশে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৫| আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৮
অ- অ+

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে বিদ্যমান ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এই নতুন ব্যবস্থায় ভিসা কার্যক্রম পুরোপুরি শুরু হতে পারে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে দেশটিতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় এবং এবার আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় এই বড় সংস্কার করা হলো। নতুন নিয়মে ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হয়েছে।

ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’

নতুন নিয়মে প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। এর পরিধি বাড়িয়ে সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। এই ভিসার দুটি ধরন থাকছে:

• ভি-১ (V-1): এর মেয়াদ ৩০ দিন এবং এ সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

• ভি-২ (V-2): যোগ্যতা অনুসারে এর মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই সুবিধায় পর্বতারোহণও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেডিকেল ভিসার মেয়াদ এক বছর

ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় চিকিৎসাসেবা নিতে যাওয়া বিদেশিদের জন্য প্রক্রিয়া সহজ করা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ হবে এক বছর, যাতে একাধিকবার প্রবেশের সুযোগ এবং ই-ভিসার সুবিধাও থাকবে। এ ছাড়া রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে, যা পুনরায় ভিসা আবেদনের ঝামেলা কমাবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন বিধান

শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষকদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করা যাবে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। অন্যদিকে, পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা এস-২ ভিসার আওতায় আসবেন।

ব্যবসায়িক ভিসায় নতুন সংযোজন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন বা দীর্ঘমেয়াদি উদ্যোগে বি-১ এবং চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণে বি-২ ভিসা প্রযোজ্য হবে। পাশাপাশি ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালু হচ্ছে, যার আবেদন ই-ভিসা ব্যবস্থাতেও করা যাবে।

সংশোধিত কাঠামো ও ই-ভিসা সুবিধা

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) মাধ্যমে ১৩টি উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম কার্যকর করতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। সংশোধিত কাঠামোয় যে ৯টি মূল ভিসা শ্রেণি থাকবে সেগুলো হলো— ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর এবং বিবিধ। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ কিছু বিশেষ শ্রেণির আবেদনকারীরা 'বিবিধ' ভিসার আওতায় পড়বেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
নতুন পে স্কেলে যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা