নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধস, শিশুসহ নিহত ২ ও আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি তিনতলা ভবন ধসে শিশুসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে বিরামহীন অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ওই তিনতলা ভবনটি হঠাৎ করেই পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুটি ভবনে অবস্থানরত বেশ কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
নিউইয়র্ক কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট ১৯ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মোট ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনাস্থলে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ পরিচালনা করার সময় এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ভারী যন্ত্রপাতি ও বিশেষ প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













