ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, উদ্বোধন ১৯ নভেম্বর

দীর্ঘ প্রতীক্ষার এবার ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন সেবা চালু হচ্ছে। বিশেষ করে পাবনাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে পাবনার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা-পাবনা রেলপথে চলাচলের জন্য ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের দুটি নতুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ধাপে যাত্রীরা আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের ভ্রমণের টিকিট সংগ্রহ করতে পারছেন।
টিকিটের মূল্য ও সংগ্রহের নিয়ম
• ভাড়া: পাবনা থেকে ঢাকার সাধারণ আসনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম ‘সহজ’-এর ২০ টাকা সার্ভিস চার্জসহ যাত্রীদের মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হচ্ছে।
• উদ্বোধনী বিশেষ ট্রেন: আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
• কাউন্টার টিকিট: উদ্বোধনী বিশেষ যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে এই টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ এই ট্রেনটি যাত্রাপথে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
নিয়মিত সময়সূচি ও যাত্রাবিরতি
আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী:
• পাবনা প্রভাতী এক্সপ্রেস: প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
• পাবনা গোধূলি এক্সপ্রেস: প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী মোট আটটি স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো— ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর।(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












