শিরোনাম :

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭
অ- অ+

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আকাশপথে যোগাযোগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। গত এক মাসে এই দুটি গন্তব্যে মোট ১৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এই বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের ১১২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি, রিয়াদ এয়ারওয়েজের ২৫টি এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে রিয়াদ ও দাম্মামগামী ৭৭টি ট্রানজিট ফ্লাইটও এই পরিস্থিতির শিকার হয়েছে। এর মধ্যে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকে এসব যাত্রীদের বহন করা সম্ভব হয়নি।

জানা গেছে, সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তার স্বার্থে রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফ্লাইট স্থগিতের এই সময়সীমা আরও বাড়ানো হয়, যার প্রভাব পড়েছে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ওপরও। হঠাৎ করে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী কর্মী ও ওমরাহ যাত্রীরা। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় অনেকেই ভিসা ও চাকরির মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলামের অকাল মৃত্যু
আজ বিশ্ব নিউমোনিয়া দিবস, সচেতনতাই হতে পারে সুরক্ষার মূল মন্ত্র
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে মেঘলা, কমতে পারে রাতের তাপমাত্রা
বারিধারায় কার সঙ্গে বৈঠক করেছিলেন? জামায়াত আমিরকে জুলকারনাইন সায়েরের প্রশ্ন