ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২০:১১
অ- অ+

ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা লম্বা ছুটি পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিন, মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, কলেজে ১৮ দিন এবং মাদরাসায় ১৫ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি পর্যালোচনা করে ছুটির এ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর। ছুটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি থাকছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ডিসেম্বরের শেষ দিকে ১২ দিনের শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। বর্ষপঞ্জি অনুযায়ী, ২০ ডিসেম্বর থেকে এ ছুটি শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

অন্যদিকে সরকারি ও বেসরকারি মাদরাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে ১৫ দিন। স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৫ দিন।

এদিকে ২০২৬ সালের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটি যুক্ত করে শিক্ষক-শিক্ষার্থীদের আরও দুই দিন অতিরিক্ত ছুটি দিতে পারে।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী
ঝিনাইদহে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
সাত সহকারী পুলিশ সুপারকে বদলি
বেনাপোলে ভ্রমণ করের জাল রসিদে রাজস্ব ফাঁকি: আটক ৭ ভারতীয় পাসপোর্টধারী