কাল বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, থাকছেন সাত দেশের ক্বারি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতির।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে বাদ জোহর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্বারিরা সম্মেলনে পবিত্র কোরআন তিলাওয়াত করবেন।
বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বোখারি, ইরানের ক্বারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।
বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিসহ দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ ছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখবে।
সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













