পল্লবীতে পার্কিং করা দুটি যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা 'বিকল্প পরিবহন' ও 'অভিজাত পরিবহন' নামের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) আনুমানিক সকাল ৬টা ৪০ মিনিট সময়ে পল্লবী থানাধীন সেকশন ১২-এর ফুলকলি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাস দুটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে 'বিকল্প পরিবহন' (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) বাসটির ভেতরের সবকটি সিট, গ্লাস ও বডি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বাসটির আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, 'অভিজাত পরিবহন' (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) নামের অপর বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও কাভার পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে সকালের দিকে বাস দুটি পার্কিং অবস্থায় থাকায় এবং কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা ও তদন্ত অভিযান জোরদার করা হয়েছে।(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












