তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫| আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯
অ- অ+

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি জানান।

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন তিনি।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন