সমন্বয়ক হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী ও হামলাকারী কে? যা জানা গেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলায় হাসিবের এক হাত কেটে গেছে। এ ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলাকারী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহসাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা। একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস।
প্রীতম দাস বলেন, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরে থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিব ও এক তরুণী ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁদের পথ আটকে হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। পরে তার সঙ্গে হাত মেলানোর পর আবারও আপত্তিকর মন্তব্য করেন ওই ব্যক্তি। একপর্যায়ে চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালান। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান হাসিব।
বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবার তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। বের হওয়ার পরই হামলার ঘটনা ঘটে।
রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার পর হাসিব আবার রিসোর্টে ফিরে আসেন। তখন তার বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে গিয়েছিল। রিসোর্টের কর্মীরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। পরে তিনি ওই তরুণীকে নিয়ে অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে চলে যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে রিসোর্টে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, তারা হামলার ঘটনা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, চাপাতির কোপে হাসিবের হাত জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












