পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা কীসের ভিত্তিতে এনআইডি ও পাসপোর্ট পাওয়ার দাবি করছে? আইনের শাসন এড়িয়ে কোনো পলাতক অপরাধীর এসব সুবিধা পাওয়ার সুযোগ নেই।’
সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার সরকারের সময় আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ এখন শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে রিজভী বলেন, এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এতে তিনি প্রায় পঙ্গুত্বের শিকার হন। চিকিৎসার প্রয়োজনেই নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন তিনি। অন্যদিকে গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাই আইনের শাসন এড়িয়ে কোনো পলাতক অপরাধীর এনআইডি বা পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
নির্বাচন ও সরকারের বৈধতা প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন কিংবা মধ্যরাতের ভোটে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবে।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা প্রশংসনীয়। এই প্রতিভা ধরে রাখতে পারলে তারাই একদিন বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে উঠবে। তরুণ বিজ্ঞানীদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বাড়বে।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











