প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা বাসেত ও জিসান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে তুরস্ক যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রীর তিন দিনের সরকারি সফরে তার সঙ্গে থাকছেন ছাত্রদলের এই নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

এ সফরে ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। দুজনই গণমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি পঞ্চম বিদেশ সফর। এর আগে মালয়েশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও জাপান সফর করেছেন তিনি। তবে আগের সফরগুলোতে ছাত্রদলের কোনো কেন্দ্রীয় নেতাকে সফরসঙ্গী হিসেবে দেখা যায়নি। এবারই প্রথম প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রতিনিধিদলে জায়গা পেয়েছেন ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ ছাড়া সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

এদিকে সম্মেলনে বাংলাদেশের জলবায়ুজনিত সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা রয়েছে সফরসঙ্গী মমিনুল ইসলাম জিসানের। বিশেষ করে হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও এতে কৃষকদের প্রাণহানির বিষয়টি তুলে ধরতে চান তিনি। ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর সহায়তায় বিশেষ তহবিল গঠনের দাবিও জানানোর পরিকল্পনা রয়েছে তার।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুক লাইভে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা ফজলুল করিম
আজও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৫১