ফেসবুক লাইভে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা ফজলুল করিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম পদত্যাগ করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
প্রায় আট মিনিটের ভিডিও বার্তায় পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ফজলুল করিম। তাকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, মুখে এক কথা বলা হলেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়েও খেলা হচ্ছে।
ভিডিও বার্তায় ফজলুল করিম বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে আকৃষ্ট করা হয়েছিল। কিন্তু বাস্তবে নতুন কিছু পাওয়া যায়নি। তার ভাষায়, ‘নতুন দল, নতুন আশা বলে মানুষকে দেখানো হয়েছিল মধুর বোতল। কিন্তু ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। এখন জাতি বুঝে গেছে, এটা নতুন কিছু নয়, সেই পুরোনো রাজনীতিই ফিরে এসেছে।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন। আশা করেছিলেন, এই দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার মতো কর্মকাণ্ড থাকবে না। কিন্তু বাস্তবে তার প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।
ভিডিও বার্তায় হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক কারবারি, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন ফজলুল করিম। কমিটি গঠনে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তিনি বলেন, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।
নিজের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ভিডিওতে টেবিলে রাখা হাতে লেখা কিছু কাগজ এবং মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।
ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













