তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫০
অ- অ+

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। কারখানায় রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় একটি ক্রেন ভেঙে চুল্লির ওপর পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হাবাস ডেমির সেলিক’ কারখানায় এই বিস্ফোরণ ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই ওই কারখানারই শ্রমিক। ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেতরে দাউদাউ করে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, সোমবার দুপুরের দিকে কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় ক্রেনের সাহায্যে একটি নতুন বয়লার সরানোর সময় হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। ক্রেনের সাথে থাকা ভারী সরঞ্জামগুলো সরাসরি নিচে সচল থাকা একটি চুল্লির (ফার্নেস) মধ্যে পড়ে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক ধাক্কায় অনেকে এটিকে ভূমিকম্প বলেও ভুল করেছিলেন।

দুর্ঘটনার পর সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। তবে পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক গুরুতর আহত শ্রমিক মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। বিবিসির তুর্কি বিভাগের তথ্য অনুযায়ী, অবহেলা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত কারখানা সংশ্লিষ্ট অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আলিয়াগা এলাকাটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং অন্যতম প্রধান জাহাজ ভাঙা শিল্প কেন্দ্র। তবে স্বাধীন সংস্থা ‘তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং ঘন ঘন দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
তুরস্কে কপ৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ লেখা ব্যানারসহ গ্রেপ্তার ৩
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার