শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ, ফেরত আনা হবে বন্দি বিনিময় চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:১৯
অ- অ+

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে তাঁর পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না। তিনি যদি দেশে আসতে চান, তবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তাঁর হয়ে কাজ করে, তবে তাদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।"

আইনজীবীদের মাধ্যমে আবেদনের আইনি ভিত্তি উড়িয়ে দিয়ে হুমায়ুন কবির বলেন, "কিসের আবেদন? যে কেউ চাইলে আবেদন লিখতে পারে। কিন্তু একজন টেররিস্টের (সন্ত্রাসী) ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। একজন ক্রিমিনাল আবার টেররিস্ট, সে বলবে 'আমার পাসপোর্ট দিয়ে আমি আসি'—এটা হয় না। তাকে নানার বাড়ি বা বেড়াতে আসার সুযোগ দেওয়া হবে না, তাঁর হ্যান্ডওভার (হস্তান্তর) চাওয়া হচ্ছে।"

সাজা কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, "অবশ্যই তাঁর সাজা কার্যকর হবে। অলরেডি একটি মামলায় তাঁর ফাঁসির রায় হয়ে গেছে, আরও অনেক মামলা বাকি আছে। কার্যকরের জন্য তাঁকে বাংলাদেশে আনা প্রয়োজন এবং এর জন্যই এক্সট্রাডিশন ট্রিটির (প্রত্যর্পণ চুক্তি) মাধ্যমে হ্যান্ডওভার প্রক্রিয়া চালানো হবে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।"

আওয়ামী লীগ নেতাকর্মীদের সমালোচনা করে তিনি আরও বলেন, "হাসিনা, তাঁর পরিবার কিংবা আওয়ামী লীগের লুটেরা—যারা এখন কথা বলছে, তারা প্রত্যেকেই পলাতক। তারা দেশের সম্পদ লুট করেছে, জায়গা-বাড়ি দখল এবং কিলিংয়ের (হত্যাকাণ্ড) সঙ্গে জড়িত। এদের প্রতি বাংলাদেশের মানুষের তীব্র ঘৃণা রয়েছে।"

উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার ভারত থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। তবে বাংলাদেশ সরকারের অনমনীয় অবস্থানের কারণে তাঁর এই আইনি ও রাজনৈতিক কৌশল শুরুতেই মুখ থুবড়ে পড়ল।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শুধু আমার ভেতরে একটা আলাদা পৃথিবী আছে