বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
আজ সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছিল।
তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সংঘাত বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে পারে। ফলে যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরই এখন তেলের বাজারের গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করছে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












