ভারতের মণ্ডপের আগুনের ছবি যশোরের বলে প্রচার, সতর্ক করল পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবিকে যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। যাচাই ছাড়া এ ধরনের ছবি ও তথ্য প্রচার না করতে সবাইকে সতর্ক করেছে জেলা পুলিশ।
সোমবার যশোর জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ছবিটি যশোরের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারে একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারে একটি মণ্ডপে কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের প্রস্তুতির সময় বৈদ্যুতিক কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি পুড়ে যায়।
মূলত এ ঘটনাকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরের ঘটনা বলে বিভ্রান্তিকর প্রচারণা করছে, যা পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব।
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। গুজব প্রতিরোধে তথ্য যাচাই করে প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











