কপ৩১ সম্মেলনের পর্দা উঠছে আজ, আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪
অ- অ+

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, ধরিত্রী রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পরিবেশবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেবেন।

তুরস্ক সরকারের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন তিনি। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ সম্মেলনের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সম্মেলনে অর্থায়ন, প্রযুক্তি সহায়তা ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে জোরালো অবস্থান তুলে ধরবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। তাই সম্মেলনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।

আজ ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম।

এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইউএনএফসিসিসির মিডিয়া উইং জানিয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল আজ সোমবার উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবারের কপ৩১-এর মনোনীত সভাপতি মুরাত কুরুম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন ক্রিস বোয়েন।

প্রধানমন্ত্রীর সফরসূচি

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গীদের নিয়ে প্রথমে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ট্রানজিট শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ায় যাবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।

সফরকালে দুই দিনে দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তার। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু কালবেলাকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক যাবেন। এ বিষয়ে কার্যক্রম চলছে। তবে এখনই বিস্তারিত কিছু চূড়ান্তভাবে বলা সম্ভব নয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দপ্তরের কাছে তুর্কি হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। এবার তুরস্ক সফরে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা।

জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণে বাংলাদেশের প্রত্যাশা

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকে এর লক্ষ্য বাস্তবায়নের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে কপ সম্মেলন। শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি থাকলেও সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।

বিগত সম্মেলনগুলোতে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের গতি ছিল ধীর। ফলে এবারের সম্মেলনে কেবল প্রতিশ্রুতি নয়, কার্যকর সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন নিশ্চিত করার দাবি তুলছেন পরিবেশবিদরা।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান, উপকূলীয় এলাকা, ঘনবসতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিকে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অভিযোজন তহবিল বৃদ্ধি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য দ্রুত অনুদান দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

এ ছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমেও আন্তর্জাতিক সহায়তা চাইবে বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।

বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রধান কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবকদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়ন

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে কপ৩১ সম্মেলনের জন্য বাংলাদেশের শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এসব প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা ও বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল কপ৩১ সম্মেলনে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর নির্দিষ্ট রোডম্যাপ বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে।

তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি। এবারের সম্মেলনে প্রতিশ্রুতির পরিবর্তে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত নেওয়া গেলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে সিরিজ ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন
দক্ষিণখানে ১০ মামলার আসামি ফরহাদ দেওয়ান গ্রেপ্তার
লালবাগে বিপ্লব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার