পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত হয়ে এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর অবস্থান নেন। সেখান থেকে তারা থানার প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি থানার ভেতরে বিস্ফোরিত হলে এর বিস্ফোরিত অংশের আঘাতে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্য আহত হন।
ঘটনার পর হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ও হামলাকারীদের শনাক্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












